শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা ভাইরাসের সংক্রমণ যে চট করে শেষ হওয়ার নয়, তা বুঝে গিয়েছেন অনেক স্বাস্থ্য শীর্ষকর্তারাই। কিন্তু তিন মাস ধরে করোনা চিকিৎসায় বিশেষ নজর দিতে গিয়ে অন্যান্য রোগের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই এবার মেডিকেল কলেজ গুলিতে করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসাকে পৃথকভাবে রেখে অন্যান্য রোগের চিকিৎসা শুরু করার জন্য বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর।

জানানো হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির আউটডোরে অন্য রোগের চিকিৎসাও করতে হবে। এখন থেকে সরকারি হাসপাতালে করোনার বাইরে অন্য পরিষেবাও মিলবে বলে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। শিক্ষক চিকিৎসক এবং পড়ুয়া চিকিৎসকদের দাবি মেনে করোনার চিকিৎসার জন্য নির্দিষ্ট করে রাখা রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে আউটডোর পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি করোনায় আক্রান্ত নন, এমন রোগীদের ভর্তির ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন।
আরও পড়ুনঃ বাংলায় চালু হতে চলেছে লোকাল ট্রেন
ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, করোনা তো বটেই, তা ছাড়াও অন্য রোগীদের ভর্তি নিতে হবে। উপযুক্ত চিকিৎসা পরিষেবা দিতে হবে এবং প্রয়োজনে যথোপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে অস্ত্রোপচার করতে হবে। অন্য রোগীরা যাতে আবার করোনা সংক্রামিত না হন, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
বেশ কিছু দিন ধরেই বিভিন্ন চিকিৎসক সংগঠন রাজ্য সরকারের কাছে এই দাবি জানাচ্ছিল। একই ভাবে ডাক্তারি ছাত্রদের তরফেও রাজ্য সরকারের কাছে আবেদন করে বলা হয়েছিল, স্নাতকোত্তর ডিগ্রির জন্য উপযুক্ত ভাবে প্র্যাক্টিক্যাল ক্লাস না হওয়া এবং পড়াশোনা না হওয়ার জন্য মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কোপে পড়তে পারেন ডাক্তারি পড়ুয়ারা। তাছাড়া রোগীদের স্বার্থেও অন্য চিকিৎসা চালু হওয়া প্রয়োজন। এরপরে স্বাস্থ্য দফতরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












