নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার ভোর রাতে মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিংপাড়ার নয়া লাইনে। ঘটনায় ওই বৃদ্ধার ঘরটি আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে জয়গাঁ থানার পুলিশ পৌঁছে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই বৃদ্ধার নাম মনমায়া মঙ্গর (৯৬)। তার ছেলে ও পরিবারের অন্য সদস্যদের সাথে একই বাড়িতে বসবাস করতেন তিনি। খুবই দরিদ্র ওই পরিবারটির সদস্যা বৃদ্ধা মনমায়া একটি পৃথক ঘরে একা ঘুমোতেন। ভোর রাতে পরিবারের সদস্যরা টের পান বৃদ্ধার ঘরে আগুন লেগেছে। তারা জল দিয়ে আগুন নিভিয়ে ঘরে ঢুকে দেখেন বৃদ্ধার দগ্ধ দেহ পড়ে আছে।
আরও পড়ুনঃ খড়্গপুরে বাড়ির রান্নার গ্যাস পাইপ লিক করে অগ্নিকান্ড, আহত ৫
এরপর তারা পুলিশে খবর দেন। পুলিশ প্রাথমিক তদন্তে নেমে জানতে পেরেছে, মৃত ওই বৃদ্ধা ধূমপান করতেন। পুলিশের ধারণা ঘুমের ঘোরে ধূমপান করতে গিয়ে সম্ভবত বিছানায় আগুন ধরে যায়। সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আগুনে ঝলসেই সম্ভবত বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে পুলিশের অনুমান।
এবিষয়ে জয়গাঁ থানার ওসি দীপঙ্কর সাহা বলেন, “মৃত বৃদ্ধার দেহ রবিবার ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584












